কেনিয়ার উত্তরাঞ্চলে প্রায় ১০ হাজার বছর পুরনো একটি গণহত্যার স্থানের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। এই আবিষ্কারের মাধ্যমে আদিম মানব সামাজে যুদ্ধের অস্তিত্ব থাকার প্রমাণ পাওয়া গেল।
কেনিয়ার তুর্কানা লেকের পাশে একটি জনবিচ্ছিন্ন এলাকায় ২৭ জনের দেহাবশেষ উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। তাদের ধারণা নির্মমভাবে মৃত্যুর শিকার হয়েছিলেন এই লোকগুলো। মরার আগ পর্যন্ত সেখানে তাদের রেখে যাওয়া হয়েছিল। এর পর সেখানেই কবর দেয়া হয় তাদের। এদের মধ্য প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ ও শিশু ছিল।
IMG0
গবেষণা প্রতিবেদনটি বিখ্যাত বিজ্ঞান সাময়িকী 'নেচার'- এ ছাপা হয়েছে।
২০১২ সাল থেকে গণকবরটি নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। তারা এমনও প্রমাণ পেয়েছেন, এই ২৭ জনকে এক সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছিল।
এতদিন ধরে বেশিরভাগ প্রত্নতাত্ত্বিকই মনে করতেন মোটামুটি স্থায়ীভাবে বসবাস শুরু করার পর মানব সমাজে যুদ্ধ-বিগ্রহ শুরু হয়। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, কেনিয়ার যাযাবর প্রকৃতির এই লোকেরা শিকার ও সংগ্রহের ভিত্তিতে জীবনধারণ করতেন। সূত্র: বিবিসি