একই মঞ্চে জেমস ও সনম

জেমস মানেই তারুণ্যের উত্সব।
আসছে বিশ্ব ভালোবাসা দিবস। আর এ উপলক্ষে একটি কনসার্টে গাইবেন জেমস। একই স্টেজে পারফর্ম করবেন ভারতের সঙ্গীতশিল্পী সনম পুরী। আগামী ১১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নভোরাত্রিতে অনুষ্ঠিত হবে ‘ভ্যালেন্টাইনস সেলিব্রেশন উইথ জেমস অ্যান্ড সনম’ শিরোনামের কনসার্টটি। সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে অনুষ্ঠান।

প্রথমেই শ্রোতা মাতাতে স্টেজে উঠবেন জেমস। এরপর স্টেজে উঠবে সনম পুরী ও তার দল। এটাই সনম পুরীর বাংলাদেশে প্রথম কোনো বড় কনসার্ট। এর আগে একাধিক ঘরোয়া আয়োজনে গেয়েছেন ভারতের জনপ্রিয় ২৬ বছর বয়সী এই গায়ক। এছাড়াও দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী জেমসের সাথেও সনমের এটাই প্রথম স্টেজ শো। এই কনসার্টটি এরইমধ্যে জেমস ও সনম ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ভালোবাসা দিবসে তরুণদের বিশেষভাবে উদযাপনের জন্য অনুষ্ঠানটির আয়োজন।