সার্জিন শরীফকে সভাপতি ও কাজী রিতাকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়ন ঢাকা জেলা সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ জেলা সম্মেলনের মধ্য দিয়ে ২৩ সদস্যের কমিটি নির্বাচিত করা হয়। রায়হানুল ফেরদৌস ও শুভ চৌধুরীকে সহ-সভাপতি এবং রাজীব আল রুদ্র ও রাহাত বিন এস রহমান আবিদকে সহকারী সাধারণ সম্পাদক করা হয়েছে। আল আমিন বাদল সাংগঠনিক সম্পাদক, রাবেয়া বৃষ্টি কোষাধ্যক্ষ ও পারভেজ আহমেদ দফতর সম্পাদক হয়েছেন।
মনির হোসেন নতুন কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক, আমিনুল ইসলাম শাকিল স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক, কেয়া আক্তার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ফয়জুল হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নতুন কমিটিতে রয়েছেন।
সূচনা জামান জেসিকাকে সাংস্কৃতিক সম্পাদক, সাইফুল ইসলামকে শাওন ক্রীড়া সম্পাদক এবং মুরাদ হোসেনকে করা হয়েছে সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
কমিটির অপর সদস্যরা হলেন- তারিকুল ইসলাম রাসেল, সাইফুল ইসলাম বাবু, আল আমিন, খোরশেদ আলম ও সিয়াম সারোয়ার জামিল। পরে নতুন নেতৃত্বের একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সমাজবিজ্ঞান অনুষদের সামনে এসে শেষ হয়; বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এর আগে সকালে সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারি কক্ষে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ।
ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের বিদায়ী কমিটির সভাপতি তারিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক সিয়াম সারোয়ার জামিল ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান রায়হানুল ফেরদৌস এ সময় বক্তব্য দেন।