মালয়েশিয়ার শ্রম-বাজার চালু শিগগিরই : নূরুল ইসলাম বিএসসি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রম বাজার চালুর ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
 
শুক্রবার নীলফামারীতে নব-নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রম-বাজার খুব শিগগিরই চালু হবে। এ লক্ষ্যে মালয়েশিয়া সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। তিনি সেখানে শ্রমিকদের কর্মসংস্থানসহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব প্রদান করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, সাধারণ শিক্ষার চেয়ে যারা কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করে থাকে তাদের ভবিষ্যৎ উজ্জল।
 
এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি-কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক কেগম শামছুন নাহার, নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
 
জেলা প্রশাসক মো. জাকির হোসেন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্থানীয় পুলিশ সুপার জাকির হোসেন খান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।