কৃষিতে বেশিরভাগ কাজ মেশিন করবে: পরিকল্পনামন্ত্রী

 
দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যচাহিদা মেটাতে যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটানোর উপর জোর দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সরকারের লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে কৃষি অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি।
 
শুক্রবার দুপুরে এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশে দৈনিক পাঁচ হাজার ২৪৭ জন করে মানুষ বাড়ছে; একবছরে বাড়ছে ১৯ লাখ ২৫ হাজার। এই ১৯ লাখ মানুষের খাদ্যের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমি বিশ্বাস করি আজকে সময় এসেছে ভিন্ন পথে চলার, ভিন্ন দিকে চিন্তুা করার।’
 

আগামীতে কৃষি ক্ষেত্রে বিপ্লবের জন্য ‘অটোমেশন’ নিয়ে সরকারের ভাবনার নানা দিক তুলে ধরে মুস্তফা কামাল বলেন, ‘মানুষ যে কাজগুলো কৃষিতে করে তার বেশিরভাগ কাজ মেশিন করবে। সরকার পরিকল্পনা হাতে নিয়েছে, একটি গ্রামের সব মানুষকে একপাশে নিয়ে যাব, তাহলে পুরো গ্রামের সম্পূর্ণ ভূমি কৃষির জন্য অবমুক্ত হবে। ওই মানুষগুলোকে গ্রামের একপাশে নিয়ে তাদের অত্যাধুনিক সুযোগ-সুবিধা দেব।’