কানাডার সাসকেচওয়ানে একটি স্কুলে এক বন্দুকধারীর হামলায় চার জন নিহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই খবর নিশ্চিত করেছেন।
এর আগে জানা গিয়েছিল পাঁচজন নিহত হয়েছে এই ঘটনায়। পারিবারিক বিরোধের জের ধরে এক বন্দুকধারী নিজের ঘরে দুই ভাইকে মারার পর কাছের বিদ্যালয়ে গিয়ে এলোপাতাড়ি গুলি চালান বলে জানা গেছে। বিদ্যালয়ে গুলিতে এক নারী শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে সাস্কেটন শহরের ৬০০ কিলোমিটার উত্তরে অবস্থিত লা লচে শহরের একটি কমিউনিটি স্কুলে গুলির খবর পাওয়া যায়। হামলার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয় ভবনের বাইরে থেকে বন্দুকসহ ওই হামলাকারীকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।
লা লচ শহরের ভারপ্রাপ্ত মেয়র কেভিন জেনভিয়ার বলেন, হামলাকারী স্কুলে ঢোকার আগে নিজের বাসায় ছোট দুই ভাইকে হত্যা করেছে বলে পুলিশ তাকে জানিয়েছে। নিহতদের মধ্যে মেয়রের ২৩ বছর বয়সী মেয়ে মেরি রয়েছেন বলে জানান মেয়র। তিনি বিদ্যালয়টির শিক্ষক ছিলেন। পুলিশ হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করেনি। মেয়র বলেন, হামলাকারীর সঙ্গে তার মেয়ের পরিচয় ছিল কি না, তা তিনি জানেন না।
ঘরে শুরু হওয়া কোনো বিবাদের প্রতিক্রিয়ায় এ বন্দুক হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন মেয়র কেভিন। শুক্রবার লা লোচে কমিউনিটি স্কুলে এই ঘটনাকে সব বাবা মার সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন বলে উল্লেখ করেছেন তিনি। সন্দেহভাজন হামলাকারী পুলিশ হেফাজতে আছেন বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারী কমপক্ষে ১২ টি গুলি করেছে। সুইজারল্যান্ডে সফররত কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এখন পরিস্থিতি সম্পুর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিবিসি