জেমস ক্যামেরুনের ‘অ্যাভাটারে’র সিক্যুয়েলের জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। ছবিটির সিক্যুয়াল মুক্তির দিন পেছাচ্ছে।
দ্য র্যাপের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ২০১৭ সালের ক্রিসমাসে ছবিটি মুক্তি পাওয়া কথা ছিল। তবে সেটি এখন আর হচ্ছে না।
মাসখানেক আগে পরিচালক বলেছিলেন, প্রোডাকশন টিম ছবি মুক্তির জন্য কোনো এক বন্ধের দিন খুঁজছে। এরপরই ছবি মুক্তির দিন পেছানোর খবর আসলো। তবে নতুন কোনো দিন এখনো ঠিক করা হয়নি। অবশ্য এর আগে ছবি মুক্তির দিনের ব্যাপারে যে দিনের কথা বলা হয়েছিল সেটি নিশ্চিত করেনি ফক্স স্টুডিও।
ছবির মুক্তির দিনের বিষয়ে কোনো মন্তব্য করেনি ফক্স স্টুডিও। তবে কাছের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
কিছু সূত্র বলেছে, ছবি মুক্তি পেছানোর মূল কারণ হলো প্রোডাকশনের প্রস্তুতি। সাউন্ড ও কিছু কম্পিউটার অ্যানিমেশনের কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়াও ‘অ্যাভাটার ২’ চিত্রায়িত করার কাজ এখনো শুরু হয়নি।
স্যাম ওর্থিংটোন ও জোই সালডানা তাদের আগের চরিত্র জ্যাক সুলি ও নেইতিরিতে অভিনয় করবেন। সিগউরনে ওয়েভার ফিরলেও এবার অন্য চরিত্রে থাকবেন।