বাংলাদেশে গরু পাচার: মেঘালয়ে মাংস বিক্রি বন্ধ

 
বাংলাদেশে গরু পাচারের প্রতিবাদে ভারতের মেঘালয় রাজ্যে মাংস বিক্রি বন্ধ রেখেছে সেখানকার কসাই ও মাংস বিক্রেতারা। এছাড়া পাচার বন্ধে একটি কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছে রাজ্যটির বিজেপি ইউনিট।
 
শুক্রবার দ্য স্টেটসম্যান পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, খাসি জইন্তা কসাই কল্যাণ অ্যাসোসিয়েশনের ব্যানারে গত ১৮ জানুয়ারি থেকে মাংস বিক্রি বন্ধ রেখেছে কসাই  ও মাংস বিক্রেতারা। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে।
 
বিজেপির প্রেসিডেন্ট শিবুন ল্যাংদোহ সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশে গরুর পাচার বৃদ্ধি পাওয়ায় আমরা উদ্বিগ্ন। এতে  স্থানীয় কসাই ও বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএসএফ এই পাচার রোধে ব্যর্থ হচ্ছে।
 
বিএসএফ এক প্রতিবেদনে জানিয়েছে, শুধু ২০১৫ সালে তিন কোটি টাকা মূল্যের দুই হাজার ৭৯টি গরু পাচার হয়েছে। এসময় বাংলাদেশ-ভারত সীমান্তে ১৮ জন পাচারকারী গ্রেফতার হয়েছে।
 
বাংলাদেশের সঙ্গে মেঘালয়ের ৪৪৩ কিলোমিটার সীমান্ত সংযোগ রয়েছে। এর কিছু অংশ পাহাড়ি ও অরক্ষিত এলাকা। এর ফলে সেখান থেকে সহজেই অনুপ্রবেশ করা যায়।