যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ভয়াবহ তুষার ঝড়ে সেখানকার সাত হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার শুরু হওয়া তুষারপাতটি দেশটির পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। প্রচন্ড তুষারপাতে রাজধানী ও এর আশপাশের এলাকা ঢাকা পড়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা লাখ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ের সতর্কবাণী করা হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ ওয়াশিংটন ও এর আশপাশের এলাকায় দুই ফুটেরও বেশি (প্রায় ৬১ সেন্টিমিটার) তুষার জমতে পারে। তুষার ঝড়ে জনজীবন অচল হয়ে পড়েছে।
জাতীয় আবহাওয়া সার্ভিস (এনডব্লিউএস) ওয়াশিংটন ও বাল্টিমোরের জন্য এক আবহাওয়া বার্তায় বলেছে, শনিবার বিকেল নাগাদ ব্যাপক তুষার ঝড় হতে পারে। ভারি তুষারপাতের সঙ্গে ঝড়ো ঠান্ডা বাতাস ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
ওয়াশিংটনে সব স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেয়া হয়েছে। দেশটিতে ইতোমধ্যে ৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াশিংটনের কর্মকর্তারা শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নগরীর ও বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে।