নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না : মোশাররফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। গ্রামীণ নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে গ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে।

 

শনিবার দুপুরে ফরিদপুর শহরের কোমরপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির বার্ষিক মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

খন্দকার মোশাররফ হোসেন বলেন, নারীদের স্বাবলম্বী করতে ও তাদের অগ্রগতিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের আগেই বাংলাদেশ মধ্যম আয়ে উন্নীত হবে।

 

পল্লী প্রগতি সহায়ক সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মোল্যার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক অলিয়ার রহমান, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর করীম, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৈহিদ, সাধারণ সম্পাদক লাজমুল হাসান লোচন, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন, সাংবাদিক রেজাউল করীম প্রমুখ।

 

পরে প্রধান অতিথি স্বাবলম্বী নারী পেয়ারা বেগমকে ‘সেলিমা জেবউননেসা অ্যাওয়ার্ড’ এবং দুই কৃতি শিক্ষার্থী আশরাফুল আলম ও সুবর্ণলতাকে ‘আকবর কবীর বৃত্তি’ প্রদান করেন।