স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘গত জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া যে ভুল করেছেন তার খেসারত দিচ্ছে বিএনপি।’
শনিবার বিকেল তিনটায় সিরাজগঞ্জের বেলকুচি এবং এনায়েতপুর থানা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী এ মন্তব্য করেন। এর আগে তিনি খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রহ.) মাজার জিয়ারত করেন।
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বলে খালেদা জিয়া মন্তব্য করেছিলেন। অথচ তিনি সুষ্ঠু হওয়া পৌর নির্বাচনে অংশ নিয়ে দেখেছেন আসলেই নির্বাচন সুষ্ঠু হয়। তবে বোমাবাজদের জনগণ পছন্দ করে না বলে বেশির ভাগ পৌরসভায় তারা হেরে গেছেন।’
এ সময় উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মীর শহিদুল ইসলাম পুন্নু, উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবীব, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, এনায়েতপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ, দলের নেতা গোলাম মোস্তফা, আহম্মদ মোস্তফা খান বাচ্চু, শাহজাহান আলী মিয়া, আজগার মাষ্টার, ইব্রাহিম হোসেন, আলহাজ উদ্দিন, দরবারের পেশ ইমাম মাওলানা আব্দুল আওয়াল, খাদেম মাহফুজুর রহমান বাবলু ও আনিসুর রহমান কমান্ডার প্রমুখ উপস্থিত ছিলেন।