নিজেদের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে চীন ও ইরান। সেইসঙ্গে দেশ দুটি আগামী ১০ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৬০০ বিলিয়ন ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তেহরান সফরকালে শনিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি। এসময় তার পাশে ছিলেন শি জিনপিং। সংবাদ সম্মেলনটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করে।
ইরানের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়ার কয়েক দিনের মধ্যেই এই সফরে গেলেন শি জিনপিং। গত নভেম্বরে ইরান সফরে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
১৯ জানুয়ারি এ সফর শুরু করেন জিনপিং। এরই মধ্যে তিনি সৌদি আরব ও মিশর সফর করছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা জানায়, শনিবার তেহরান ও বেইজিংয়ের মধ্যে ১৭টি চুক্তি সাক্ষর হয়। এর মধ্যে অতীতের সিল্ক রোড পুনরায় শুরু করা এবং শান্তিপূর্ণ কাজে পারমানবিক শক্তি ব্যবহারে পরস্পরকে সহযোগিতা সংক্রান্ত চুক্তিও রয়েছে। সূত্র: রয়টার্স