জেনফোন জুম : থ্রিএক্স জুম ক্যামেরার সবচেয়ে পাতলা ফোন

পূর্ব ঘোষণা অনুযায়ী ‘জেনফোন জুম’ উন্মোচন করেছে আসুস। শুক্রবার ভারতের আগ্রায় এক জাকঝমকপূর্ণ অনুষ্ঠানে স্মার্টফোনটি উন্মোচন করে তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানটি। সূত্র- এনডিটিভি।
 
ফেব্রুয়ারি মাসের শুরু থেকে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। তবে এখন ভারতীয় ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টের মাধ্যমে কিনতে পারবেন আগ্রহীরা।
 
জেনফোন জুমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৬ হাজার ৬০ টাকা।
 
ল্যাপটপ বাজারের মতো স্মার্টফোন বাজারে এখনো শক্ত কোনো অবস্থান তৈরি করতে পারেনি আসুস। সে জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে উন্নত কনফিগারেশনের হ্যান্ডসেট এনে গ্রাহকদের মন জয়ের চেষ্টা করে যাচ্ছে কোম্পানিটি। এই চেষ্টার অংশ হিসেবে প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি এবার নিখুঁত ছবি পাওয়ার উপযোগী ক্যামেরার এই স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে।
 
IMG0
 
উন্নত ক্যামেরার এই ডিভাইস ফটোগ্রাফিতে আগ্রহী গ্রাহকদের মাঝে সাড়া জাগাবে বলে আশা করছে আসুস কর্তৃপক্ষ।
 
শুক্রবারের অনুষ্ঠানে আসুস কর্তৃপক্ষ জানায়, জেনফোন জুম বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন। এর ক্যামেরায় থ্রিএক্স অপটিক্যাল জুম সুবিধা ও বাজার সেরা হার্ডওয়্যার রয়েছে, যা নিখুঁত ছবি পেতে কাজ করবে।
 
জেনফোন জুমে ১৩ মেগাপিক্সেলের স্ন্যাপার রয়েছে। এতে থ্রিএক্স অপটিক্যাল জুম, ওআইএসের লেজার অটো ফোকাস ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের ১০ লেন্স উপাদান জুড়ে দেয়া হয়েছে। ডিভাইসটিতে পিক্সেলমাস্টার প্রযুক্তিও রয়েছে, যা কম আলোতে ঝকঝকে ছবি পেতে সাহায্য করবে।
 
দু’টি প্রসেসর সংস্করণে বাজারে আসছে জেনফোন জুম। এর এক সংস্করণে ইন্টেলের ২.৩ গিগাহার্জের অ্যাটম কোয়াড কোর জেড৩৫৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপর সংস্করণে ইন্টেলের ২.৫ গিগাহার্জের অ্যাটম কোয়াড কোর জেড ৩৫৯০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
 
কানেক্টিভিটির দিক থেকে ডিভাইসটি ওয়াই-ফাই ৮০২.১১এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ৪.০, এনএফসি, ফোরজি এলইটি এবং মাইক্রোইউএসবি ২.০ সমর্থন করবে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ললিপপ ভিত্তিক জেনইউআই।
 
জেনফোন জুমে গরিলা গ্লাস ৪ প্রযুক্তির ৫.৫ ইঞ্চির ১০৮০পিক্সেল রেজ্যুলেশনের ডিসপ্লে রয়েছে। ৪ গিগাবাইট র‍্যামের এই ফোন ৬৪ ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের দু’টি সংস্করণে পাওয়া যাবে। পাশাপাশি ফোনটিতে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের বাড়তি ১২৮ গিগাবাইট মেমোরি সুবিধা দেবে।