সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শেষশ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজার পর প্রধানমন্ত্রীর পক্ষে তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে, আলতাফ মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তার প্রেস সচিব ইহসানুল করিম বলেন, মৃত্যুর খবর পাওয়ার পর গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আলতাফ মাহমুদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজার পর মরহুমের মরদেহ তার ঢাকার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। গ্রামের বাড়িতে বাবার কবরের পাশেই চিরসমাহিত করা হবে আলতাফ মাহমুদকে।