গাড়িচাপায় দুজনের মৃত্যু : ‘আত্মগোপনে’ শাবি শিক্ষক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজের প্রাইভেট কারের নিচে চাপা পড়ে দুই পথচারী নিহত হওয়ার পর শিক্ষক আরিফুল ইসলাম আত্মগোপনে চলে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
 
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক কিলোতে যন্ত্র প্রকৌশল বিভাগের এই অধ্যাপক নিজের নতুন গাড়ি চালানো শেখার সময় এ ঘটনা ঘটে।
 
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন রবিবার বলেন, তিনি (আরিফ) আত্মগোপনে রয়েছেন। সকাল থেকে তিনি ক্যাম্পাসে আসেননি। তিনি তার বাসায়ও নেই এবং আমরা চেষ্টা করেও তার সন্ধান করতে পারিনি।
 
তিনি বলেন, শনিবার আরিফুল ইসলাম নিজের নতুন কেনা গাড়ি চালানো শিখছিলেন। বেলা ১২টার দিকে তার গড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
 
অধ্যাপক আরিফুলের গাড়ি চাপায় হতাহতরা একই পরিবারের সদস্য। নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পূর্ব কাতিয়া গ্রামের গিয়াস উদ্দিন (৭০), তার ভাতিজা আতাউর রহমান (৫০)। আহত সেলিনা পারভীন নিহত আতাউরের মেয়ে; তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাছের সঙ্গে ধাক্কায় গাড়িটি সামনের অংশ দুমড়ে গিয়ে আরিফুল ও তার গাড়িচালক আবুল কালামও কিছুটা আহত হন।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া রবিবার দুপুরে বলেন, উনি (আরিফ) মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলে আমি তাকে দেখতে গিয়েছিলাম। এরপর তিনি বাসা ছেড়ে চলে যান বলে শুনেছি।