রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘এ দেশের ছাত্ররাই মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠাসহ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছে। ছাত্রসমাজের সেই গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে বর্তমান শিক্ষার্থীরা জাতি গঠনে অবদান রাখবে- জাতি এটাই প্রত্যাশা করে।’
রবিবার বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী আজিমউদ্দিন হাইস্কুলের তিন দিনব্যাপী আয়োজিত শতবর্ষ পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, 'দেশ ও জাতির কল্যাণই হবে ছাত্র-সমাজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। কোনো ধরণের লোভ-লালসা বা হীন স্বার্থ চরিতার্থের মনোবৃত্তি যেন তাদের কোমল মনকে কলুষিত করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।’
শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেমের সভাপতিত্বে এতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট মো. সোহরাবউদ্দিন এমপি, রেজওয়ান আহম্মদ তৌফিক এমপি, মো. আফজল হোসেন এমপি, দিলারা বেগম আসমা এমপি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লূর রহমান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ প্রফেসর আ ন ম নৌশাদ খান স্বাগত ভাষণ দেন। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।