বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের ধিক্কার ও ঘৃণা জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে প্রশ্ন উত্থাপনকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
রবিবার সংসদে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের ৪৫তম বার্ষিকী উপলক্ষে পয়েন্ট অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ, মতিউর, মুকুল, রুস্তম, আলমগীরসহ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটি একটি মীমাংসিত বিষয়। অথচ এ মীমাংসিত বিষয়টিকে নিয়ে বেগম খালেদা জিয়া ও তার দলের নেতারা প্রশ্ন উত্থাপন করে শহীদদের অবমাননা করেছে।
তিনি বলেন, ’৬৯-এর গণঅভ্যুত্থানে সারা দেশ যখন উত্তাল তখন বঙ্গবন্ধু পাকিস্তান কারাগারে বন্দি ছিলেন। আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি তাকে কারাগার থেকে মুক্ত করে আনে এবং তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া এ বাংলাদেশ তার কন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু খালি হাতে এ দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। অথচ তার কন্যার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের কাছে এখন একটি মিরাক্যাল। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।