চাল ও গম মিলিয়ে ২০১৪-১৫ অর্থবছরে দেশের চাহিদার তুললনায় বেশি খাদ্য উত্পাদিত হয়েছে। তবে চাহিদার তুলনায় গম উত্পন্ন হয়েছে কম। রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
জাতীয় পার্টির (জাপা) সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী সংসদকে জানান, গত অর্থবছরে দেশে ২ লাখ ৭৮ হাজার ২০০ টন বেশি খাদ্যশস্য উত্পাদিত হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে দেশে খাদ্যশস্যের চাহিদা ছিল ৩ কোটি ৫৮ লাখ ২০ হাজার টন। এরমধ্যে চালের চাহিদা ছিল ৩ কোটি ১৭ টন ও গম ৪১ লাখ ২০ হাজার টন। এর বিপরীতে মোট উত্পাদন হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৫৮ হাজার টন। এরমধ্যে চাল উত্পাদিত হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার টন ও গম উত্পাদিত হয়েছে ১৩ লাখ ৪৮ হাজার টন। আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী জানান, চলতি অর্থবছরে সার খাতে ভর্তুকি বাবদ ১ হাজার ৫২১ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকা দেয়া হয়েছে। এছাড়া বিদ্যুত্ ও ডিজেল খাতে ভর্তুকির জন্য অর্থছাড়ের প্রস্তাব প্রক্রিয়াধীন আছে।
কয়েকটি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা আছে : সৈয়দ আশরাফ
এম. আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদকে জানান, বিমানবাহিনীকে শক্তিশালী করার জন্য ‘ফোর্সেস গোল ২০৩০’ অনুসারে মিডিয়াম রেঞ্জ ফিক্সড উইং ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, হেলিকপ্টার ট্রেইনার ও মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটসহ কয়েকটি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে।
বিমানের লাভ ২৭২ কোটি টাকা
এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন সংসদকে জানান, ২০১৪-১৫ অর্থবছরে বিমানের লাভ হয়েছে ২৭২ কোটি ২৩ লাখ টাকা। এর আগের পাঁচ বছরে বিমানের লোকসান হয়েছিল ১ হাজার ৪৩৫ কোটি ৬৪ লাখ টাকা।
৩৮ লাখ ৫৩ হাজার ৭৯৪ একর খাস জমি
সরকার দলীয় এমপি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সংসদকে বলেন, দেশে বর্তমানে খাসজমির পরিমাণ ৩৮ লাখ ৫৩ হাজার ৭৯৪ একর। এরমধ্যে কৃষি খাসজমির পরিমাণ হচ্ছে ২০ লাখ ৭১ হাজার ৮১৫ একর ও অকৃষি খাসজমির পরিমাণ হচ্ছে ১৭ লাখ ৮১ হাজার ৯৭৮ একর। সবচেয়ে বেশি ৭ লাখ ৭৪ হাজার ২৪৪ দশমিক ৭ একর খাসজমি রয়েছে বান্দরবান জেলায়। অন্যদিকে, সবচেয়ে কম ২ হাজার ৬২ দশমিক ৪৫৬ একর খাসজমি রয়েছে গোপালগঞ্জে।