আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে মাটিতে পুঁতে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন। সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবানদের সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠনের সদস্যদের সংঘাত হয়েছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গত সপ্তাহে জানিয়েছে আইএস গত বছরের জানুয়ারি থেকে আফগানিস্তানে কার্যক্রম শুরু করেছে। পাকিস্তানি ও আফগান তালেবান সদস্যদের নিয়ে গঠিত হয়েছে আফগানিস্তানের ইসলামিক স্টেট। বিবিসির সঙ্গে সাক্ষাতকারে আশরাফ বলেন, আইএস আফগানিস্তান ভিত্তিক সংগঠন নয় এবং এর নৃশংসতা মানুষকে একে ঘৃণা করতে বাধ্য করেছে। এখন আইএস এর বিরুদ্ধে আফগান জনগণ প্রতিশোধস্পৃহা পোষণ করে উল্লেখ করে তিনি বলেন, আফগানরা এখন প্রতিশোধস্পৃহায় প্রণোদিত। তারা আফগানদের মুখোমুখি হয়ে ভুল করে ফেলেছে।
সার্ক সদস্য দেশ আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘানি আইএস এর বিরুদ্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, এটা অস্বীকার করার উপায় নেই যে আমরা খুব গুরুতর এক ঝুঁকির সম্মুখীন। সংঘাতময় এই অঞ্চলে পূর্বের শত্রুতা ভুলে একটি ঐকমত্য গড়ে তোলার চেষ্টায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। বিবিসি।