ধূমপানে দিনে ১০৫ কোটি টাকা খরচ করেন সৌদিরা

 
আসক্তির কারণে দিনে পাঁচ কোটি সৌদি রিয়াল (১০৫ কোটি টাকা) খরচ করেন সৌদি আরবের ধূমপায়ীরা। দেশটিতে ধূমপানের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায়। দেশটির তামাকবিরোধী ও মাদক বিরোধী সংগঠনের প্রধান এই তথ্য জানিয়েছেন।
 
টোব্যাকো অ্যান্ড নারকোটিকস কমব্যাট সোসাইটির চেয়ারপারসন আবদুল্লাহ আল-ওথাইম বলেছেন, ধূমপানের কারণে শুধু গত বছর ২৩ হাজার মানুষ মারা গেছেন।
 
সংগঠনটি সৌদিতে কাফা নামেও পরিচিত। গত রবিবার বাদশা আবদুল আজিজ সম্মেলন কেন্দ্রে কাফা অ্যাওয়্যারনেস ফোরামের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন করেন আল-ওথাইম। 
 
উদ্বোধনী বক্তব্যে আল-ওথাইম বলেন, নেশার কারণে বছরের পর বছর পরিবার ও রাষ্ট্রের বোঝা বাড়ছে। নেশাগ্রস্তদের পুনর্বাসনে সম্প্রতি কাফা একটি বিশেষায়িত কেন্দ্র চালু করেছে। এই কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিত্সকরা তাদের সেবা দেবে। মক্কা এলাকায় কাফার এ ধরনের ছয়টি কেন্দ্র খোলা হয়েছে। খবর: আরব নিউজ।