লাওসে বোমা হামলায় ২ চীনা নাগরিক নিহত

লাওসে বোমা হামলায় চীনের দুই নাগরিক নিহত ও অপর একজন আহত হয়েছে। সোমবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানায়।
 
চীন বিগত কয়েক বছর ধরে তার মিত্র কমিউনিস্ট রাষ্ট্র লাওসে অর্থ বিনিয়োগ করছে। ২০১৪ সালে চীন লাওসের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশে পরিণত হয়। সিনহুয়া জানিয়েছে, নিহতদের একজন লাওসের পার্বত্য মধ্যাঞ্চলের একটি চীনা খনি কোম্পানিতে কাজ করতেন। ভিয়েনতিয়ানে চীনা দূতাবাসের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, জাইসোম্বোউন প্রদেশে রোববার ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি একটি গাড়িতে করে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
চীনা দূতাবাস এক বিবৃতিতে জানায়, দূতাবাসের দুজন স্টাফ আহত ব্যক্তিকে দেখতে হাসপাতালে যান। তিনি একজন বেসামরিক লোক, নাম ঝউ। চীনা দূতাবাস দেশটির নাগরিক ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভিয়েনতিয়ানের প্রতি আহ্বান জানিয়েছে।  চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক বিশেষ দূতের লাওস সফর করার কথা রয়েছে বলে সিনহুয়া জানিয়েছে। এএফপি।