প্রবল শীতে তাইওয়ানে ৮৫ জনের মৃত্যু হয়েছে। তুষারপাতের কারণে জাপানে মারা গেছেন পাঁচজন। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় আটকা পড়েছে ৬০ হাজার পর্যটক। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত এক সপ্তাহে তাপমাত্রা নেমে যাওয়ায় তাইওয়ানে নিম্ন রক্তচাপ, হাইপোথার্মিয়া ও হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই বৃদ্ধ। দেশটির উত্তরাঞ্চলীয় তাইপে, কাওহসিউয়ং ও তাওইউয়ান অঞ্চলে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার তাইওয়ানের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোর তাপমাত্রা অস্বাভাবিকভাবে ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।
তুষারপাতের কারণে দক্ষিণ কোরিয়ার অবকাশযাপন কেন্দ্র জেজু দ্বীপের বিমানবন্দর বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে ওই বিমানবন্দরের পাঁচ শতাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। দ্বীপটিতে ৬০ হাজারের মতো পর্যটক আটকা পড়েছে। সোমবার রাত নাগাদ বিমানবন্দর পুনরায় চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একই অবস্থা বিরাজ করছে হংকং, জাপান ও চীনের দক্ষিণ অংশে। হংকংয়ে গত ৬০ বছরের মধ্যে তাপমাত্রা সবচেয়ে কম রেকর্ড করা হয়েছে। রবিবার দেশটির তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। চীনের গুয়াংঝু ও শেনঝেন এলাকায় বিরল তুষারপাত হতে দেখা গেছে।
জাপানের দক্ষিণের দ্বীপ ওকিনাওয়ায় প্রথমবারের মতো তুষারপাত হয়েছে। সূত্র: বিবিসি