চিত্রনায়ক ইমন-এর বড়পর্দায় ধারাবাহিক সফলতায় না থাকলেও, কমিটমেন্টের জায়গাটা তার অটুট। বছরজুরেই চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। মুক্তিপ্রতিক্ষিত রয়েছে কয়েকটি চলচ্চিত্র। চাষী নজরুলের শেষ চলচ্চিত্রে নায়ক তিনি। সম্প্রতি এই চলচ্চিত্রটি মুক্তি পায়। নতুন এই চলচ্চিত্রটি দর্শক প্রতিক্রিয়া, চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে কথা বললেন ইত্তেফাক অনলাইন বিনোদনের সাথে।
বর্তমান ব্যস্ততা-
আগামী মাস থেকে নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু হবে। সেই প্রস্তুতি নিয়েই ব্যস্ত আছি। এখনও নাম ঠিক করা হয়নি। নায়িকা খোজা চলছে। এছাড়া সম্প্রতি একটি বিজ্ঞাপনের কাজ করলাম।
চাষি নজরুলে শেষ চলচ্চিত্র ‘ভুল যদি হয়’তে আপনি অভিনয় করেছেন। মুক্তির পর সাড়া কেমন পেয়েছেন?
আমি ভাগ্যবান চাষী নজরুলের শেষ চলচ্চিত্রের নায়ক আমি। এখনও হলে চলচ্চিত্রটি সাফল্যের সাথে চলছে। আর তার চলচ্চিত্রের সাড়া বরাবরই ভালো হয়। একটি সত্য ঘটনা অবলম্বনে এই চলচ্চিত্রটি করা। চাষী স্যারের বলেছিলেন একসাথে হলে বসে চলচ্চিত্রটি দেখবো। তাকে সবাই মিস করছি।
মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্রগুলো-
দু’টি চলচ্চিত্র শিগগিরই মুক্তি পাবে। এরমধ্যে ‘পরবাসিনী’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’। দু’টি চলচ্চিত্রে জন্য আমি অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। কারণ আমার ক্যরিয়ারের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে এই দু’টি অন্যতম। এর আগে বলেছিলেন ছোটপর্দায় আর অভিনয় করবেন না, কিন্তু সম্প্রতি একটি নাটকে অভিনয় করা নিয়ে শিরোনামে এসেছেন। তাহলে কি ছোটপর্দায় আবারও নিয়মিত হচ্ছেন?
ছোটপর্দাকে আমি কখনই বিদায় বলিনি। বড়পর্দায় ব্যস্ত হওয়াতে আমি সেটা নিয়েই ব্যস্ত থাকতে চেয়েছি। নতুন যেই নাটকটিতে অভিনয় করলাম সেটি ভালোবাসা দিবসে প্রচার হবে। আর গল্পটাও আমার ভালো লেগেছে। তাই বিশেষ দিবসগুলোতে যদি এমন ভালো গল্প পাই তাহলে হয়তো নাটকে অভিনয় করবো। তবে নাটকে নিয়মিত হচ্ছি না। ছোটপর্দা থেকেই আমি বড়পর্দাতেই এসেছি। তাই এই জায়গাটার প্রতি আমার ভালোবাসা সমসময় থাকবে।
IMG0
চলচ্চিত্রের নকল গল্পের একটি প্রভাব অনেকদিন ধরেই চলছে। এখনকার অবস্থা কি মনে হয়?
আমাদের চলচ্চিত্র এক অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। যাদের বিগ বাজেট আছে তারা কপিরাইট কিনে তামিল গল্পে চলচ্চিত্র বানাচ্ছে। অন্যদিকে মৌলিক গল্পগুলোর বাজেট কম হচ্ছে। সব মিলিয়ে ব্যালেন্স হচ্ছে না। এই মনভাবের পরিবর্তন প্রয়োজন। মৌলিক গল্পগুলো আমাদের, তাই আমাদের গল্পগুলোকেই বিগ বাজেট দিয়ে সবার সামনে তুলে ধরতে হবে। আমি আশাবাদী, কারণ সেই চর্চাটা এরইমধ্যে শুরু হয়েছে।
পর্যাপ্ত হলের জন্য আমাদের চলচ্চিত্র ব্যবসা করতে পারছেন না, এছাড়া ডিজিটাল হলগুলোতেও এখন সিনডিকেট। এ বিষয়ে কী বলবেন?
দেশের পর্যাপ্ত যে হল রয়েছে সেগুলোর সংস্করণ করলেও আমাদের চাহিদার জায়গাটা আপাতত পূরণ হয়। আমাদের দেশে যদি মাল্টিপ্লেক্স সংখ্যা আরও বাড়ানো যায় তাহলেও চলচ্চিত্রগুলো ব্যবসার জায়গা বাড়বে। আর ডিজিটাল হলের সুবিধা সবাই পাচ্ছে না, একটি নির্দিষ্ট মহল সেই সুবিধা ভোগ করছে। সরকারের এই বিষয়ে দৃষ্টি আকর্ষন জরুরী।
IMG1
ব্যক্তিগত প্রশ্নে আপনার পরিবার বা বিয়ের বিষয়টা এতদিন গোপনে কেন রেখেছিলেন? আজ একটু খোলাসা করবেন কি ?
আসলে গোপন করিনি। বলা হয়নি। নিজের ক্যারিয়ার বা দর্শকেরা নতুন হিরোকে বিবাহিত ভেবে কতটা সাপোর্ট দিতো সেটিও তো অনেক বড় বিষয়। আরেকটি বিষয় হলো দেখুন, অন্যদের মতো আমার একাধিক প্রেম-বিয়ে-ডিভোর্স নেই! আর আমি এই গোপন করার বিষয়টি আমার পরিবার এমনকি আমার স্ত্রীর সম্মতিতেই করেছি। আমি আসলে আমার ব্যক্তি জীবনের সাথে, প্রফেশনাল ক্যারিয়ার একেবারেই মেশাতে চায় না। প্রফেশনাল জায়গায় আমি এক ইমন, আমার ঘরে আমি আরেক ইমন। তাই দুই স্বত্তাকে আমি গুলিয়ে ফেলতে চাই না।