আয়কর মামলা: মিল্লাতকে বেকসুর খালাসের রায় বহাল

আয়কর ফাঁকির মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য এম রাশেদুজ্জামান মিল্লাতকে বেকসুর খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 
 
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।
 
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আয়কর ফাঁকির অভিযোগে মিল্লাতের বিরুদ্ধে মামলা দায়ের করে জাতীয় রাজস্ব বোর্ড। ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় ঢাকার বিশেষ জজ আদালতে এই মামলা দায়ের করা হয়। এই মামলায় ২০০৮ সালে মিল্লাতকে ৬ বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই রায়ের বিরুদ্ধে মিল্লাত আপিল করে। আপিলে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করে মিল্লাতকে খালাস দেয়। খালাসের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
 
আপিলে মিল্লাতের পক্ষে শুনানি করেন, ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে।