খালেদা জিয়া কখনো মুক্তিযুদ্ধকে সমর্থন করেননি: সৈয়দ আশরাফ

 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কখনো দেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেননি এবং আর কখনো সমর্থন করবেনও না।’
 
খালেদা জিয়া তার অবস্থান থেকে একটুকুও সরে আসেননি উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে দেশে ফিরে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত হয়েছেন। যা দেশের মানুষ ভালভাবে নেয়নি।
 
আশরাফ আরো বলেন, যারা দেশের মুক্তিযুদ্ধ মানে না, দেশে তাদের রাজনতি করার কোন অধিকার থাকতে পারে না।
 
সৈয়দ আশরাফুল ইসলাম আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে সফল করার লক্ষ্যে আয়োজিত সম্পাদক মন্ডলীর এক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, মিসবাহউদ্দিন সিরাজ, বীর বাহাদুর ঊশে সিং, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শিল্প সম্পাদক আব্দুস সাত্তার, স্বাস্থ্য সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন ও উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল উপস্থিত ছিলেন।

খবর বাসসের।