নতুন প্রযুক্তির সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের পরিচিত থাকার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন প্রযুক্তি ও জ্ঞানের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীদের পরিচিত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 
 
সোমবার কিশোরগঞ্জ সার্কিট হাউজে ‘আবদুল হামিদ মেডিকেল কলেজ’এর শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ের সময় রাষ্ট্রপতি এ কথা বলেন।
 
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, মত বিনিময়ের সময় রাষ্ট্রপতি মানুষের কথা চিন্তা করে মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষে সেবার মনোভাব নিয়ে কর্মজীবনে প্রবেশের আহ্বান জানিয়েছেন।
 
এর আগে আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। ভবন নির্মাণের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন তিনি।
 
পরিদর্শনের সময় রাষ্ট্রপতি উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিকালে হেলিকপ্টার যোগে দু’দিনের সফর শেষে ঢাকা ফেরেন রাষ্ট্রপতি।