মুম্বাই মিউজিক ফেস্টে মেহরীন

মেহরীন এদেশের পপডিভা। পপ গানকে মনের মতো করে ধারণ করে অনেকেই ক্ষণিক অবসর বা চূড়ান্ত অবসরে গেছেন। কেউ কেউ ফিরেও আসতে চাইছেন। কিন্তু নিবিষ্ট মনে পপ গানে নিজের একটা স্টাইল তৈরি করে নিয়েছেন মেহরীন। বছরের বিভিন্ন সময় দেশ ও দেশের বাইরে স্টেজ শো নিয়েই চলে তার ব্যস্ততা। নতুন বছরের ব্যস্ততাও শুরু হলো তার দেশের বাইরে। সম্প্রতি মুম্বাইয়ে একটি আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালে অংশ নেন মেহরীন। গত ১৫ থেকে ১৭ জানুয়ারি মুম্বাইতে বসে এই মিউজিক ফেস্টের আসর। ‘টোটেম পোল টিন মিউজিক ফেস্ট ২০১৬’ শিরোনামে এই আসরে সঙ্গীত পরিবেশন করেন মেহরীন।

এই উত্সবে আরও অংশ নেন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গীতশিল্পী, মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়াররা। এই অনুষ্ঠানে আমন্ত্রণ প্রসঙ্গে মেহরীন বলেন, ‘ভালো লাগছে এমন একটি আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশকে তুলে ধরতে পেরে। বছরের শুরুটা এমন একটি আয়োজনের অংশ নিয়ে শুরু হলো। সবার সঙ্গে একটি ভালো সময় কেটেছে। বিভিন্ন মিউজিশিয়ানদের সঙ্গে অভিজ্ঞতার বিনিময় হয়েছে।’