গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সফরে ইউরোপ যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। প্রথমে তিনি ইতালি ও পরে ফ্রান্স যাবেন। ধারণা করা হচ্ছে দেশ দু’টির সাথে বড় কয়েকটি বাণিজ্য চুক্তি করবে ইরান। ইরানের সাথে পশ্চিমাদের পরমাণু চুক্তি কার্যকর হওয়ার এক সপ্তাহ পর এই সফর শুরু করলেন হাসান রুহানি। রোমে ইতালির কয়েকটি প্রতিষ্ঠানের সাথে ১৮ শত কোটি ডলারের বাণিজ্য চুক্তি করবে ইরান। এরপর ফ্রান্সের সাথে বিমান ক্রয় চুক্তি করবে ইরান।
১২০ জন সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিকে নিয়ে ইউরোপ সফরে বের হয়েছেন রুহানি। ইতালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন তিনি। ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সাথে ১১৪টি বিমান ক্রয়ের চুক্তি করবে ইরান। গত শনিবার ইরান চীনের সাথে ১৭টি বাণিজ্য চুক্তি করে।