কলম্বিয়ার ফার্ক গেরিলাদের সঙ্গে দেশটির অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করলে সেটি পর্যবেক্ষণে একটি নিরস্ত্র মিশন গঠন করতে অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল। মিশনটি এক বছরের জন্য গঠন করা হলেও দুই পক্ষ চাইলে এর মেয়াদ বৃদ্ধি করা হবে।
কিউবাতে গত সপ্তাহে অস্ত্রবিরতির আলোচনার সময়ে দুইপক্ষ থেকেই জাতিসংঘের সংশ্লিষ্টতা কামনা করা হয়। আগামী ২৩ মার্চের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের ডেডলাইন নির্ধারণ করা হয়েছে। জাতিসংঘের এই ‘রাজনৈতিক মিশনে’ ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলো থেকে আসা পর্যবেক্ষকরা থাকবেন। অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরের পরে দুইপক্ষ সেটি পালন করছে কী না সেটি পর্যবেক্ষণ ও নিশ্চিত করা হবে এই মিশনের লক্ষ্য। গত কয়েক দশক ধরে কলম্বিয়া সরকার ও বামপন্থী ফার্ক গেরিলাদের মধ্যে সশস্ত্র লড়াই চলছে। এই লড়াইয়ে প্রায় ২ লক্ষ ২০ হাজার মানুষ নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে। বিবিসি।