জোর গুঞ্জন আছে, স্মার্টফোনপ্রেমীদের মাঝে হৈ চৈ তৈরি করতে চলতি বছরের শেষার্ধে মোড়ানো বা ভাঁজ করা যাবে এমন একটি হ্যান্ডসেট বাজারে আনতে কাজ করছে স্যামসাং। কিন্তু একদল গবেষক বলছেন, এটা সম্ভবই নয়, ভাঁজ করা ডিসপ্লে এত শিগগিরই প্রযুক্তি বাজারে আসছে না।
কেভিন ওয়াং নামের চীনের আইএইচএস টেকনোলজির গবেষণা নির্বাহী সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো’তে দেয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, ডিসপ্লের দ্রুত পরিবর্তনশীল এই সময়ে ভাঁজ করা স্ক্রিনের চিন্তা করা যেতেই পারে। কিন্তু তা বাণিজ্যিকভাবে শিগগিরই বাজারে আসছে না, অন্তত আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত তো সম্ভবই না। সূত্র- ফোন এরেনা।
ওয়াং আরও লিখেছেন, ডিসপ্লে নির্মাতারা এখন মাত্র ৩ মিলিমিটার ব্যাসার্ধের ভাঁজ করা স্ক্রিন তৈরি করতে পারে। এর মানে কোনো ক্ষতিসাধন না করেই ডিসপ্লে প্যানেল প্রায় অর্ধেক গোটানো যাবে। তুলনার জন্য উল্লেখ করা যেতে পারে, এলজি জি ৪ মডেলের ফোনটি ৩০০০ মিলিমিটার রেডিয়াসে এবং এলজি জি ফ্লেক্স ৭০০ মিলিমিটার রেডিয়াসে বাঁকানো হয়েছে। এখন ডিসপ্লেকে গোলাকারভাবে ভাঁজ করতে হলে ৪০০ মিলিমিটার রেডিয়াসে বাঁকানো লাগবে, যা খুব সহজ নয়।
এর আগে কিছুদিন আগে নানা সমীকরণ বিশ্লেষণ করে এইচএসবিসি ব্যাংকের বিশেষজ্ঞরা বলেন, বছরের শেষার্ধে মোড়ানো যাবে এমন হ্যান্ডসেট আনবে স্যামসাং।
গত বছরের সেপ্টেম্বরে থ্রিডি টাচ ডিসপ্লের আইফোন ৬ এস ও আইফোন ৬ এস প্লাস এনে প্রযুক্তি বিশ্বকে চমক দেয় অ্যাপল। টেক জায়ান্টটির নতুন দুই ডিভাইসে বুঁদ হয়ে যান বিশ্বের অগণিত স্মার্টফোনপ্রেমী। তাদের ঘোরলাগা অবস্থা কাটতে না কাটতেই ওই সময়ই ভাঁজ উপযোগী হ্যান্ডসেট আনার ঘোষণা দেয় স্যামসাং।
জানা গেছে, ‘প্রজেক্ট ভ্যালি’ নাম দিয়ে ভাঁজ করার উপযোগী প্লাস্টিকের ডিসপ্লে নির্ভর স্মার্টফোনটি নিয়ে কাজ করছে স্যামসাং। সফল হলে এটিই হবে ভাঁজ করা প্রথম স্মার্টফোন।
দক্ষিণ কোরিয়ান হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ‘প্রজেক্ট ভ্যালি’ প্রজেক্টে দুটি কনফিগারেশনের ফোন তৈরি করা হবে, যার একটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৬২০ ও অন্যটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট।
ডিভাইস দুটিতে ৩জিবি র্যাম, নন-রিমুভ্যাবল ব্যাটারি ও মাইক্রো এসডি কার্ড সুবিধা থাকবে। গ্যালাক্সি এস৬, এস৬ এজ, এস৬ এজ প্লাস ও নোট ৫ এর মতো নতুন ডিভাইস দুটিতে এক্সিনোস চিপসেট ব্যবহার করা হতে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, বাঁকানো ডিসপ্লের ফোন বা দুই ডিসপ্লে সুবিধার ফ্লপি ফোন এনে এক সময় বাজার মাত করেছে স্যামসাং। এবার ভাঁজ উপযোগী ডিসপ্লের স্মার্টফোন এনে অ্যাপলকে টপকে যাবে প্রতিষ্ঠানটি।