ভারতে শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় আটক ২

 
অতিরিক্ত ফি আদায়ের কারণে ভারতে তিন মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে তামিলনাড়ু পুলিশ। গত শনিবার কলেজের কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে তারা আত্মহত্যা করেন।
 
আত্মহত্যার ঘটনায় এসভিএস ইয়োগা মেডিকেল কলেজের মালিকের ছেলে এবং প্রিন্সিপালকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চাঁদাবাজি, প্রতারণা এবং আত্মহত্যায় প্ররোচনা করার দায়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়ে।
 
ই স্বরণ্য (১৮), ভি প্রিয়ংকা (১৮) ও মনীষা (১৯) নামে তিন শিক্ষার্থী একটি বেসরকারি মেডিক্যাল কলেজে পড়াশোনা করতেন। কলেজ কর্তৃপক্ষের মাত্রাতিরিক্ত ফি আরোপ এবং তার রশিদ না দেয়ায় মৃত্যুর আগে তারা একটি চিঠি লিখে যান। ওই চিঠিতে তারা অভিযোগ করেন, অধিক পরিমাণ ফি আদায়ে নিষেধাজ্ঞা থাকলেও তারা সেটি আদায় করছে।
 
অথচ কলেজে শিক্ষক অপর্যাপ্ত, পর্যাপ্ত ক্লাসও নেয়া হয় না। এ ঘটনায় কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিক্ষোভ করে এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
 
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তারা কলেজের মালিক ভাসুকি সুব্রামানিয়ানকে খুঁজছেন। সূত্র: বিবিসি