সবাই পুলিশের প্রশংসা করে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি জোটের তিন মাসের সহিংস আন্দোলন মোকাবেলার জন্য পুলিশের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 
 
কেন্দ্রীয় ব্যাংক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে নির্যাতন নিয়ে পুলিশের সমালোচনার মধ্যে মঙ্গলবার পুলিশ সপ্তাহ উদ্বোধনের পর রাজারবাগে বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই প্রশংসা করেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পুলিশের প্রশংসা করেন। তিনি বলেন, পুলিশ ভালো কাজ করছে। পুলিশের প্রশংসা শুধু দেশেই নয়, দেশের বাইরেও হয়।
 
গত বছরের প্রথম তিন মাসে বিএনপি জোটের অবরোধে নাশকতা ঠেকাতে পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত জানুয়ারি থেকে বিরামহীনভাবে ৯১ দিন ধৈর্যের সঙ্গে যে দায়িত্ব পালন করেছেন, তার জন্য শুধু সরকার নয়, সারা দেশবাসী আপনাদের স্বীকৃতি দিচ্ছে।
 
সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরেও জঙ্গি দমনে বাংলাদেশের পুলিশের কাজের প্রশংসা শুনে এসেছেন বলে জানান আসাদুজ্জামান কামাল। 
 
সভায় মন্ত্রীর বক্তব্যের আগে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা কর্তব্য পালন করতে গিয়ে নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার তুলে ধরে তার প্রতিকার চান।
 
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার গত বছরের ১৯ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি উদ্ধৃত করেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তের দায়িত্ব জেলা প্রশাসন থেকে সরানোর আহ্বান জানান।
 
ওই চিঠিতে বলা হয়, মাঠ পর্যায়ে পুলিশের উপপরিদর্শক থেকে পরিদর্শক পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্ত হবে।
 
পুলিশের পরিবহন সমস্যার কথা তুলে ধরে বিষয়টি সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন একাধিক কর্মকর্তা।
 
গাড়ির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা অদ্ভুত সমস্যায় পড়েছি, গাড়ির সঙ্কট। পরিকল্পনামন্ত্রী সমস্যার সমাধান করবেন বলে কথা দিয়েছেন।
 
পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের প্রশিক্ষণ নিতে বিদেশে পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি।