ইসিকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে : আনিসুল হক

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে ইতোপূর্বে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
 
মঙ্গলবার সংসদে সরকারি দলের এ কে এম রেজাউল করিম তানসেনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনকে শক্তিশালী করার লক্ষ্যে ‘নির্বাচন কমিশন সচিবালয় আইন-২০০৯’ প্রণয়ন ও ১৫৪টি প্রথম শ্রেণির পদসহ মোট ৪২৭টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।
 
মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও আইটি অনুবিভাগ নামে দুটি নতুন অনুবিভাগ সৃষ্টি করা হয়েছে। বেশ কিছু সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে এবং কিছু পদের পদমর্যাদা ও বেতন স্কেল উন্নীত করা হয়েছে।
আনিসুল হক বলেন, ৩৫৫ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে অবকাঠামোগত উন্নয়নের জন্য ৯টি আঞ্চলিক, ৫১টি জেলা ও ৩৯৪টি উপজেলা এবং ১০টি থানা সার্ভার স্টেশন নির্মাণ শেষ হয়েছে।
 
তিনি বলেন, ১৮৪ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নিজস্ব সচিবালয় ভবন ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভবন নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এরমধ্যে ৩৫ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ৮৫০.৮৫ টাকা ব্যয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভবন নির্মাণ কাজ সমাপ্তির পথে।
 
মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাদারিত্ব উন্নয়ন করে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনাকে শক্তিশালী করার জন্য ১৪১ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে একটি কারিগরি সহায়তা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
 
আইন মন্ত্রী বলেন, বাংলাদেশের সকল নাগরিকের জন্য উন্নতমানের নির্ভরযোগ্য জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে ১ হাজার ৩৭৯ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিগগিরই নাগরিকদের উন্নতমানের পরিচয়পত্র প্রদান করা হবে।