ভ্যানচালক জিয়ারুল হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে নীলফামারীর একটি আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুল আলম এই রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সৈয়দপুর উপজেলার শ্বাসকান্দ গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুল কাদের (৩০) ও বালাপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে গোলজার হোসেন (৩৫)। এছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এদের মধ্যে গোলজার হোসেন পলাতক রয়েছেন।
এছাড়া আদালত অপর তিন আসামি আব্দুল কাদেরের স্ত্রী শাপলা বেগম (২৭) ও তার মা অহিমা বিবি (৬০) এবং গোলজারের স্ত্রী মোসলে বুড়িকে (৩০) বেকসুর খালাস দিয়েছে।
সহকারী কৌঁসুলি জামিল আহম্মেদ জানান, ২০০৭ সালের ১৭ নভেম্বর সকাল ১০টার দিকে দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার তেতুলিয়া মণ্ডলপাড়া গ্র্রামের ভ্যানচাল জিয়ারুল দুইজন যাত্রী নিয়ে ভুসির বন্দর থেকে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশে রওনা হন। এরপর জিয়ারুল নিখোঁজ হলে তার বাবা ২৪ নভেম্বর চিরির বন্দর থানায় জিডি করেন। এর প্রায় তিন মাস পরে ২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি সৈয়দপুর থানার পুলিশ কুন্দল ঈদগাঁহ মাঠ সংলগ্ন খড়খড়িয়া নদীর পাড় থেকে গলিত লাশ উদ্ধার করলে জিয়ারুলের পরিবারের লোকজন কাপড় দেখে লাশ শনাক্ত করে।
ওই দিন দুপুরে জিয়ারুলের বাবা প্রতিম উদ্দীন অজ্ঞাত আসামির বিরুদ্ধে সৈয়দপুর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তিন নারীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।