‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ধাপে ধাপে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে’

রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ধাপে ধাপে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। গত ২০ জানুয়ারি দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।
 
গত রবিবার চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে হুইপ ইকবালুর রহিম তা সমর্থন করেন। রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর মঙ্গলবার সরকারি দলের কাজী রোজী ও স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম আলোচনায় অংশ নেন।
 
আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সদস্য হাজী মোহাম্মদ সেলিম বলেন, রাষ্ট্রপতির ভাষণে মহান মুক্তিযুদ্ধের কথা বলেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক দেশ গড়ার কথা বলেছেন। তিনি তার ভাষণে দেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইনশৃংখলা, খাদ্য নিরাপত্তা, তথ্য প্রযুক্ত, প্রতিরক্ষাসহ সরকারের উন্নয়ন ও অগ্রগতির বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেছেন।
 
তিনি বলেন, সরকারের উন্নয়নমুখী কার্যক্রমের ফলে দেশ এখন খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশ থেকে এখন মঙ্গা নামক শব্দটি বিদায় নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
 
সরকারের গতিশীল নেতৃত্বে মানুষের গড় আয়ু বেড়েছে। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমেছে। মুক্তিযোদ্ধা ও স্বল্প আয়ের মানুষের আবাসনের জন্য সরকার ফ্ল্যাট নির্মাণ করছে। এ ছাড়া নারীর ক্ষমতায়নে সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে।
 
সরকারি দলের সদস্য কাজী রোজী বলেন, দেশের সকল বিষয় ও প্রেক্ষিত সম্পর্কে বিশেষ করে প্রতিটি মন্ত্রণালয়, জেলা ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বিশদভাবে তুলে ধরেছেন। রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা যা করেছেন তা বিশেষভাবে উল্লেখযোগ্য।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ধাপে ধাপে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সমুদ্রসীমা বৃদ্ধি, ছিটমহল সমস্যার সমাধানসহ সার্বিক বিষয়ে সমাধান এসেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। প্রধানমন্ত্রী তার কাজের স্বীকৃতি স্বরূপ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারে পেয়েছেন।