৩ জিবি র‍্যামের লেনোভো ফোনে ২১ এমপি ক্যামেরা

বিকাশমান বাজারে শীর্ষস্থানীয় ফোন কোম্পানির তালিকায় নিজের জায়গাটা করে নিয়েছে লেনোভো। অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তুলনায় প্রায় অর্ধেক দামের ডিভাইসে প্রিমিয়াম লেভেলের কনফিগারেশন দেওয়ার জন্যই মূলত এটা সম্ভব হয়েছে।
 
বিপুল গ্রাহক চাহিদার কারণে কিছু দিন পর পর নতুন নতুন স্মার্টফোন এনে বাজার মাতিয়ে রেখেছে চীনের এই প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় 'লেনোভো ভাইব এক্স ৩' নামের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে উন্মোচন করেছে বিশ্বের বিকাশমান বাজারে তুমুল গ্রাহকপ্রিয় এই প্রতিষ্ঠান। ইউরোপের বাজারের জন্য ফোনটি লাস ভেগাসে আগে উন্মোচন করা হয়।
 
দুটি সংস্করণে আজ থেকে ফোনটি ভারতের বাজারে পাওয়া যাবে। এর মধ্যে একটি সংস্করণে ৩২ জিবি স্টোরেজ এবং অন্যটিতে ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। ডিভাইসটি শিগগিরই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও মিলবে।
 
ভাইব এক্স ৩ -তে ক্যামেরার ওপর বেশি মনোযোগ দিয়েছে লেনোভো। এটির রিয়ার ক্যামেরা ২১ মেগাপিক্সেলের (এমপি)। ফ্রন্টে আছে ৮ এমপি’র সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে সনির আইএমএক্স২৩০ সেন্সর, ফেচ ডিটেকশন অটোফোকাস। ফোরকে মানের ভিডিও ধারণ করা যাবে ফোনটি দিয়ে।
 
৫.৫ ইঞ্চির ফুল এইচডি রেজ্যুলেশনের ডিসপ্লের সঙ্গে রয়েছে ৩ জিবি র‌্যাম। গ্লাস প্রটেকশন হিসেবে ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮ চিপসেটের হেক্সা কোর প্রসেসর দিয়ে পরিচালিত হবে ফোনটি। এতে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ রয়েছে।
 
শক্তিশালী হ্যান্ডসেটে আছে শক্তিশালী ব্যাটারি। ৩৬০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট করবে কুইকচার্জ ২.০। এছাড়া এতে ডুয়েল সিম, টুজি, থ্রিজি, ফোরজি, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, ওয়াই-ফাইসহ সব কানেক্টিভিটির সুবিধাই রয়েছে।
 
ফোনটির সাউন্ড সিস্টেমে ব্যবহার করা হয়েছে ডলবি অডিও, থ্রি টিআই ওপিএ১৬১২ অ্যাম্পলিফাইয়ার্স এবং সাবরে ৯০১৮সি২এম ডিএসি। যা নিখুঁত এবং লাউড সাউন্ড দিতে সক্ষম।
 
ফোনটি ভারতের বাজারে পাওয়া যাবে ২৪ হাজার ৯৯৯ রুপিতে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৮ হাজার ৮০০ টাকা।