বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।
জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে শাখা ছাত্রদলের সভাপতি ইয়ার মাহমুদ, সাধারণ সম্পাদক জসিম জদ্দিন জনি ও সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সুজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহরাব হাসান সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবি জানান।