এক সময় বিক্রয়কর্মী ছিলেন সংগীত লিজেন্ড এলটন জন

ক্যারিয়ারের শুরুতে কত ছোটখাটো কাজই না করতে হয় তারকাদের। এই যেমন ধরুন ব্রিটিশ গায়ক এলটন জনের কথা। এই সংগীত লিজেন্ড ক্যারিয়ারের গোড়ার দিকে এক মিউজিক স্টোরে বিক্রয়কর্মীর কাজ করেছেন!
 
সম্প্রতি এক সাক্ষাতকারে নিজ মুখে এই কাহিনী জানিয়েছেন অস্কার ও গ্র্যামি বিজয়ী জন। সূত্র- বিজনেস স্ট্যান্ডার্ড।
 
কাহিনীটা ১৯৭০ সালের শুরুর দিককার। তখন পূর্ণ উদ্যমে নতুন নতুন সুর সৃষ্টি করে চলেছেন এলটন জন। কিন্তু খেয়ে-পড়ে বাঁচারও তো ব্যবস্থা চাই। তাই সপ্তাহান্তে একটি মিউজিক স্টোরের কাউন্টার বয় হিসেবে কাজ করতেন তিনি। এ নিয়ে তার মনে কোনো খারাপ লাগা ছিলো না। কারণ, বিষয়টা দোকানদারি হলেও তার সঙ্গে মিউজিকের যোগাযোগ ছিল।
 
এলটন জানিয়েছেন, লন্ডনের বারউইক স্ট্রিটে ‘মিউজিক ল্যান্ড’ নামে একটা দোকান ছিল। সেখানে দেশ-বিদেশের গানের রেকর্ড বিক্রি হত। ওই দোকানেই এলটনের এক বন্ধু কাজ করতেন। সেই সূত্রেই তিনি প্রতি শনিবার ওই দোকানে কাজ করতেন।
 
এলটন ভাষায়, ‘শনিবার দিন নিজস্ব কাজ না থাকলেই আমি ওই দোকানে চলে যেতাম। আর ওই কাজ করতে করতেই আমি শিখেছি, মানুষ কী চায়, মানুষ কী কেনে।’