নির্বাচন করতে নাজিবকে ৬৮১ মিলিয়ন ডলার দিয়েছিল সৌদি

 
নির্বাচন জয়ী হতে সহযোগিতা করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে সৌদি আরব ৬৮১ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছিল বলে দেশটির একটি সূত্র জানিয়েছে। বিভিন্ন তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি (১ মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ) থেকে ওই অর্থ দেশটির প্রধানমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছিলেন। সম্প্রতি দেশটির আদালত নাজিব রাজাককে অভিযোগ থেকে খালাস দিলেও বিষয়টি ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
 
সৌদি সূত্রের বরাতে বিবিসি বলেছে, ২০১৩ সালের নির্বাচনে জিততে নির্বাচনী প্রচারণার জন্য রাজাককে উপহার হিসেবে ওই অর্থ প্রদান করা হয়। তৎকালীন সৌদি বাদশাহ আব্দুল্লাহ অর্থ প্রদানের বিষয়টি অনুমোদন করেছিলেন। দেশটিতে মুসলিম ব্রাদারহুডের প্রভাব ঠেকাতেই তাকে এ অর্থ দেয়া হয়েছিল।
 
সেই সময় মালয়েশিয়ার সরকারবিরোধী জোটের অন্তর্ভুক্ত ছিল দেশটির ইসলামপন্থী দল প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পিএএস)। এ দলটির উদ্যোক্তারা মুসলিম ব্রাদারহুডের আদর্শ দ্বারা অনুপ্রাণিত। দেশটিতে ব্রাদারহুডের চিন্তা-ভাবনার প্রতি উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমর্থনও রয়েছে। যে নির্বাচনের জন্য সৌদি উপঢৌকন বা অনুদান নেয়া হয়েছিল সে নির্বাচনে অবশ্য জয় পায় নাজিব রাজাকের দল। তবে ৫০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বাজে ফলাফলের সম্মুখীন হয় দলটি।
 
এর আগে নাজিব রাজাকের বিরুদ্ধে ওঠা ৬৮ কোটি ১০ লাখ ডলারের দুর্নীতির অভিযোগ নাকচ করে দেয় দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহামেদ আপানদি বলেন, সৌদি রাজপরিবার থেকে ব্যক্তিগত অনুদান হিসেবেই নাজিব রাজাকের ব্যাংক অ্যাকাউন্টে ওই অর্থ স্থানান্তরিত হয়েছিল। সূত্র: বিবিসি