আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দিন বদলের স্বপ্ন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছিলেন। সাত বছর আগে যে ছেলেটি বিদেশ গিয়েছিল, সে আজ বাংলাদেশে এলে ভুল করবে থাইল্যান্ড কিংবা মালেশিয়া মনে করে। বিগত সাত বছরে সরকার দেশের চেহারাই পাল্টে দিয়েছে।
বুধবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজার হাটস্থ রাঙ্গুনিয়া ক্লাব মাঠে আয়োজিত নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ আরো বলেন, মানুষ এখন মোবাইলে কথা বলছে একজন আরেকজনের ছবি সামনে নিয়ে। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে আজ ১৩ কোটি মানুষের হাতেই মোবাইল আর কম্পিউটার। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীটিও এখন কম্পিউটার নিয়ে শিক্ষা গ্রহণ করছে। এখন মানুষ লাইন ধরে রেজাল্টও নিচ্ছে না, লাইন ধরে ভর্তিও হচ্ছে না। পানি, গ্যাস, বিদ্যুৎ সবকিছুর বিল এখন অনলাইনেই দিচ্ছে মানুষ। ব্যাংকে টাকা দেয়া-নেয়াও হচ্ছে অনলাইনে। এটাকেই বলে ডিজিটাল বাংলাদেশ। যা আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুত উপহার। সারা বাংলাদেশের মতো রাঙ্গুনিয়ায়ও সে উন্নয়নের ঢেউ এসে পড়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়ার মানুষের দাবি ছিল শিলক ও রাজার হাটের দুটি ব্রিজ। সেখানে নির্মিত হয়েছে ৪টি ব্রিজ। যেখানে বিগত সরকারের আমলে কোন রাস্তায় এক কোদাল মাটি পড়েনি, সেখানে রাঙ্গুনিয়ার ছোট-বড় সবকটি সড়কে পুননির্মানের পাশাপাশি প্রতিবছরই সংস্কার করা হচ্ছে। এ সরকার ক্ষমতায় থাকলে এ দেশ উন্নত রাষ্ট্র হিসাবেই বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আকতার হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও নব নির্বাচিত মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, স্বাস্থ্য সম্পাদক ইদ্রিছ আজগর, সদস্য নজরুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সদস্য ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান স্বপন, উত্তর জেলা কৃষকলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।