হঠাত্ অসুস্থ হয়ে পড়ায় অভিনয় থেকে ডাক্তারের নির্দেশে বেশকিছু দিন দূরে ছিলেন রিয়াজ। কিন্তু চিকিত্সার পর ডাক্তারের নির্দেশেই আবারও অভিনয়ে ফিরেছেন। তবে একটু নিয়ম করে। বিস্তারিত জানাচ্ছেন অভি মঈনুদ্দীন
জীবনের এই পর্যায়ে এসে হলেও অভিনয়জীবনে রিয়াজ একটু নিয়ম মেনে চলার চেষ্টা করছেন। কারণ অনেক বড় একটি দুর্ঘটনা থেকে তিনি বেঁচে এসেছেন। আর তাই ডাক্তারের নির্দেশ মতোই চলাফেরা করার চেষ্টা করছেন তিনি। শুটিংয়ে অংশগ্রহণের পাশাপাশি খেয়াল রাখছেন নিজের প্রতি নিজেই, যেন শরীরের প্রতি কোনো অনিয়ম না হয়। তাই যারাই রিয়াজকে নিয়ে শুটিং করছেন, তারা প্রত্যেকেই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখার চেষ্টা করছেন। মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং চলাকালীন রিয়াজ হার্ট-অ্যাটাক করেছিলেন। সময়মতো দ্রুত চিকিত্সার ব্যবস্থা না নিলে হয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। কিন্তু আল্লাহর রহমতে ও সবার দোয়ায় সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন রিয়াজ। সুস্থ হয়ে ফিরে এসে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রেরই শুটিং করেন তিনি। এরপর চিত্রনায়িকা ও সাবেক এমপি সারাহ বেগম কবরীর নির্দেশনায় একটি ধারাবাহিক নাটকেরও কাজ শেষ করলেন। তারপর তিনি মৌসুমীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে জেড এইচ মিন্টুর নির্দেশনায় ‘মেঘের আড়ালে’ টেলিফিল্মের শুটিং করলেন। এর আগে বড়পর্দায় দু-তিনটি চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেও এবারই প্রথম ছোটপর্দার কোনো টেলিফিল্মে একসঙ্গে অভিনয় করলেন রিয়াজ-মৌসুমী। রিয়াজ বলেন, ‘টেলিফিল্মটির গল্প মৌলিক ও ভিন্নধরনের। তাছাড়া মৌসুমীর সঙ্গে অনেকদিন পর কাজ করেছি। তাই খুবই ভালো লেগেছে কাজটি করতে। সত্যি বলতে কী, সহশিল্পীর উপরও অনেকটুকু নির্ভর করে কাজ ভালো-মন্দ হওয়া। সহশিল্পী ভালো হলে কাজের অনেক ভালো মান দাঁড়ায়।’ এদিকে আসছে ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে রিয়াজ-সুজানা অভিনীত জুবায়ের জিয়া পরিচালিত ‘এক্সচেঞ্জ’ নাটকটি। এদিকে সম্প্রতি রিয়াজ ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশেই তিনি ‘ফুড 24x7’ নামে একটি রেস্তোরাঁ চালু করেছেন। সার্বক্ষণিক এই ব্যবসা তদারকি করছেন। রিয়াজ বলেন, ‘আমাদের দেশে খাদ্যে অনেক ভেজাল আছে। তারপরও আগ্রহী ক্রেতাদের ভেজালমুক্ত খাদ্য সরবরাহ করার লক্ষ্য নিয়েই এই ব্যবসায় এসেছি। আশা করি যারা এখানে খেতে আসবেন, তারা সুন্দর পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবারই খাবেন।’ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক রিয়াজ অভিনীত ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ চলচ্চিত্রটি আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা। এতে তার বিপরীতে আছেন বিদ্যা সিন্হা মিম। রিয়াজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল সোহানুর রহমান সোহানের ‘লোভে পাপ পাপে মৃত্যু’।
ছবি মোহসীন আহমেদ কাওছার