ভারতের ক্রিকেটার বিরাট কোহলির বড় ভক্ত পাকিস্তানের যুবক উমর দ্রাজ (২২)। পাকিস্তানের পাঞ্জাবের ওকারা জেলার দর্জি তিনি। কোহলির প্রতি ভালবাসা দেখিয়ে নিজের বাড়িতে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন উমর। আর এই অপরাধে তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পাঞ্জাবের একটি আদালত এই আদেশ দিয়েছে।
গত ২৬ জানুয়ারি ওমরকে গ্রেফতার করে পুলিশ। সেসময় অস্ট্রেলিয়ার সঙ্গে টি-২০ ম্যাচে কোহলি ৯০ রান করেছিলেন। পুলিশের কাছে অভিযোগ যায়, উমর তার বাড়ির ছাদে ভারতের পতাকা উত্তোলন করেছেন। এরপরই সেখানে অভিযান চালায় পুলিশ।
উমরকে গ্রেফতার করে পাকিস্তান দন্ডবিধির ১২৩-এ ধারায় মামলা দায়ের করে পুলিশ। ধারাটি দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার বিষয়ে উল্লেখ আছে। সেখানে বলা আছে, এই অপরাধে অপরাধীকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড অথবা জরিমানা অথবা দুই দন্ডে দণ্ডিত করা যাবে।
উমর বলেছেন, আমি বিরাট কোহলির অনেক বড় ভক্ত। কোহলির জন্য আমি ভারত দলতে সমর্থন করি। ভারতের ক্রিকেটারের প্রতি ভালবাসা প্রদর্শন হিসেবেই আমি বাড়ির ছাদে ভারতের পতাকা উত্তোলন করেছিলাম। আমি কোনো অপরাধ করেছি এই বিষয়ে আমার কোনো ধারণা নেই।
উমরের বাড়ির দেয়ালে পোস্টার সাইজের কোহলি ছবি পাওয়া গেছে। পুলিশ পতাকা এবং কোহলির পোস্টার ও ছবি জব্দ করেছে।