ভারতের পূর্বাঞ্চলে সন্দেহভাজন মাওবাদী বিদ্রোহীরা পুলিশের গাড়িবহরের ওপর হামলা চালায়। এতে পাঁচ পুলিশ কর্মকর্তা ও দুই বেসামরিক লোক নিহত হয়। পুলিশ বৃহস্পতিবার এ কথা জানায়।
ঝাড়খণ্ড রাজ্যে বুধবার হামলাকারীরা প্রথমে শক্তিশালী ভূমি মাইনের বিস্ফোরণ ঘটায়। পরে তারা গাড়িবহর লক্ষ্য করে গুলি চালায়। রাজ্যের রাজধানী রাঁচি থেকে ১৯০ কিলোমিটার দূরের পালামৌ থেকে টেলিফোনে পুলিশ কর্মকর্তা নব কুমার সিং বলেন, ভূমি মাইন বিস্ফোরণে সাত জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে পাঁচজন পুলিশ কর্মকর্তা ও একজন চালক ও অপরজন গার্ড। হামলায় আহত হয়েছে আরো ছয় পুলিশ। তল্লাশি অভিযান চলছে।
এসব বিদ্রোহী ভারতের মধ্য ও পূর্বাঞ্চলে সরকারি কর্তৃপক্ষকে উৎখাত করে দরিদ্র পার্বত্য সংখ্যালঘু ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষে তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে আসছে। মাওবাদী বিদ্রোহীদের দীর্ঘদিনের সংগ্রামের কারণে হাজার হাজার লোকের প্রাণহানি ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদী বিদ্রোহীদের দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যে সবচেয়ে মারাত্মক হুমকি হিসেবে বর্ণনা করেন। এএফপি।