একাত্তরে যুদ্ধাপরাধ সংঘটনের সঙ্গে জড়িত দল বা সংগঠনের বিচারের বিধান যুক্ত করে ফেব্রুয়ারিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার তার দফতরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, ‘আমি আগে বলেছিলাম, মার্চ নাগাদ হবে। সেই ক্ষেত্রে এটা এগিয়ে এসেছে। এখন বলছি ফেব্রুয়ারি।’
জামায়াত নিষিদ্ধের আইন ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত নিষিদ্ধের কথা বলা হলে আদালতের এখতিয়ারে হাত দেয়া হয়। যেটা করা হচ্ছে, সংগঠনের বিচার এবং শাস্তির বিধান রেখে একটা আইন করা হচ্ছে। সেটা আইসিটি অ্যাক্ট সংশোধন করে করা হচ্ছে। জামায়াত নিষিদ্ধ হবে কি-না, সেটা আদালত বলবে।’
সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়টি শাস্তির বিধান হিসাবে আসবে বলেও জানান তিনি। আইনমন্ত্রী বলেন, ‘অর্থমন্ত্রী এই ব্যাপারে কথা বলেছেন। আমি এই ব্যাপারে তার সঙ্গে কথা বলব। বাজেয়াপ্তের বিধান রেখেই আইন করতে হবে।’