বাংলা, ইংরেজি, উর্দু ও জাপানি ভাষার পর এবার চীনা ভাষায় প্রকাশিত হলো জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’। বৃহস্পতিবার গণভবনে চীনা ভাষায় অনুদিত বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অনুবাদক চাই সি।
চাই শি ২০০৩-২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ছিলেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনী শুধু বাংলাদেশেরই নয়, এ উপমহাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল। তিনি চীনা ভাষায় গ্রন্থটি অনুবাদ করার জন্য অনুবাদক চাই শি ও তার সহযোগীদের ধন্যবাদ জানান।
১৯৫২ ও ১৯৫৭ সালে বঙ্গবন্ধুর চীন সফরের প্রসঙ্গ তুলে বঙ্গবন্ধুকন্যা বলেন, সেই সময়ের কিছু কথা অসমাপ্ত আত্মজীবনীতে রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর চীন সফরের বিস্তারিত নিয়ে আলাদা একটি বই প্রকাশ করা হবে। তিনি বলেন, “বঙ্গবন্ধু তখন চীন সম্পর্কে যে অনুমান করেছিলেন, সেটাই এখন হয়েছে।”
চাই শি বলেন, ‘২০১৪ সালে চীন সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বঙ্গবন্ধুর আত্মজীবনী চীনা ভাষায় অনুবাদের প্রস্তাব দেন। আমি তখনই বলেছিলাম, এটা করতে পারলে তা হবে আমার জন্য অত্যন্ত সম্মানের। আমার মনে হয়, আমি একটা ভালো কাজ করেছি।’