রাবি ছাত্র ফেডারেশনের নেতাকে মারধর করলো ছাত্রলীগের নেতা-কর্মীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশনের সহসভাপতি নুরুল ইসলাম নাহিদকে মারধর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। নাহিদ ভাষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের নুরুল ইসলাম নাহিদ ছাত্রলীগের মিছিলে যেতে অপারগতা প্রকাশ করলে তিনি মারধরের শিকার হন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাবি ছাত্র ফেডারেশন।
 
ভুক্তভোগী নাহিদ বলেন, ‘হল থেকে বের হওয়ার সময় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী মিছিলে যেতে বলে। আমি আমার সাংগঠনিক পরিচয় দিয়ে মিছিলে যেতে অপারগতার কথা জানালে ছাত্রলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক শিমুলসহ কয়েকজন আমাকে মারধর করে। এসময় মাদার বখ্শ হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মানিক শিকদারও সেখানে উপস্থিত ছিলেন।’
 
তবে উপ-দপ্তর বিষয়ক সম্পাদক শিমুল অস্বীকার করে বলেন, ‘আমি তাকে মিছিলে যেতে বলি। কিন্তু তাকে জোর করা হয়নি। ’ মারধরের বিষয়ে তিনি বলেন, ‘তাকে মারধর করতে উদ্ধত হই, কিন্তু মারধরের কোনো ঘটনা ঘটেনি। ’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়েছে।’
 
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাবি ছাত্র ফেডারেশন প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।