পাওলো দিবালা ও মাউরো ইকার্দি। দুজনেই ক্লাব ফুটবলে অনেক আগেই নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করেছেন। দারুণ সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে বিশ্বকে চিনিয়েছেন। কিন্তু জাতীয় দলের একটি গোল যেন সোনার হরিণ হয়েই ছিলো তাদের কাছে। অবশেষে সেই অপেক্ষার শেষ হয়েছে। ইকার্দি ৮ ম্যাচের মাথায় ও দিবালা ব্যক্তিগত ১৮ ম্যাচের মাথায় জাতীয় দলের জার্সি গায়ে নিজেদের প্রথম গোলের দেখা পেয়েছেন।
আজ বুধবার মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এরমধ্য দিয়ে নতুন লিওনেল স্কলানির শিষ্যদের জয়রথ অব্যাহত থাকলো। গত ম্যাচেও একই ব্যবধানে মেক্সিকোকে হারিয়ে ছিলো তারা।
ম্যাচের শুরুতেই গোলের দেখা পান ইকার্দি। মাত্র ২ মিনিটের মাথায় মেক্সিকোর ডিফেন্স ফুঁড়ে ঢুকে পড়েন ইকার্দি। দুজনকে পাশ কাটিয়ে বাম পায়ের শটে আদায় করে নেন নিজের প্রথম গোল। এরপর আক্রমণ পাল্টা আক্রমণের খেলা চললেও দ্বিতীয় গোলের জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে ৮৭ মিনিট পর্যন্ত। এদিন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন জুভেন্টাস তারকা দিবালা। তার গোলেই ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা।
ইত্তেফাক/এএম