সামাজিক কর্মকাণ্ডে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে বিশেষ প্রতিবেদন করায় বিশেষ সম্মাননা পেয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি রফিকুল ইসলাম রবি। 'সাকিরা ফ্যান্টাসি অ্যামেজিং ওয়ার্ল্ড' এর পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেয়া হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মেলায় এ সম্মাননা তুলে দেন সমাজকল্যান প্রতিমন্ত্রী এ্যাড. প্রমোদ মানকিন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মো. মাহাবুবুর রহমান পলাশ।
মাসব্যাপী এ মেলায় ‘সাকিরা ফ্যান্টাসি অ্যামেজিং ওয়ার্ল্ড' প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে বিনোদনের সুযোগ করে দিয়েছে। সমাজকল্যান প্রতিমন্ত্রী এ্যাড. প্রমোদ মানকিন সন্ধ্যায় মেলায় প্রতিষ্ঠানটির এ জায়গাটি ঘুরে প্রতিবন্ধীদের সঙ্গে কিছু সময় কাটান। এ সময় তিনি বলেন, সমাজের অটিস্টিক, প্রতিবন্ধী ও পথশিশুদের প্রতি আমাদের সকলেরই কিছু না কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। এসব শিশু আমাদের সমাজেরই অংশ। এদেরও বাঁচার অধিকার আছে, বিনোদনের সুবিধা থেকে এই শিশুদের আমরা বাদ দিতে পারি না।