ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে এ্যানী

 
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুর কাশিমপুরের কারাগারে স্থানান্তর করা হয়েছে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, শুক্রবার সকাল ১০টার দিকে এ্যানীকে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়।
 
বেলা সোয়া ১২টার দিকে এ্যানীকে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুরের কারাগারে পৌঁছায় বলে জেলার নাসিরউদ্দিন জানান। গত তিন বছরে সরকারবিরোধী আন্দোলনের মধ্যে নাশকতার বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া নয়টি মামলায় বৃহস্পতিবার ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। এই বিএনপি নেতা জামিনের আবেদন করলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
 
এ্যানীর আইনজীবীরা জানান, ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারির মধ্যে পুলিশের করা এসব মামলার একটিতে হত্যা এবং বাকিগুলোতে নাশকতা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয়েছে। বিডি নিউজ।