দুদককে আরো শক্তিশালী করা উচিত : সুরঞ্জিত

 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরো 'শক্তিশালী' করা উচিৎ। শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, 'সব দিক দিয়ে দেশ এগিয়ে যাবে আর দুর্নীতিতে পিছিয়ে পড়বে এটা হয় না। দুদককে আরো শক্তিশালী করতে হবে। এর জনবল আরো বাড়াতে হবে।'
 
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক 'দুর্নীতির ধারণাসূচকে' (সিপিআই) এবার বাংলাদেশের অবস্থান প্রকাশের দুদিন পর সুরঞ্জিত সেনগুপ্ত এই মন্তব্য করেন।
 
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, তাদের সূচকে ২০১৫ সালে স্কোর আগের বছরের সমান হলেও 'সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের' তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনমন ঘটেছে এক ধাপ।
 
ওই প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সেদিন বলেন, 'কোনো (দুর্নীতি দমনে) ইমপ্রুভমেন্ট হয়নি বলেই আমরা ধারণা। এই ব্যাপারটা নিয়ে আমি কথাও বলতে চাই না। দুর্নীতির ব্যাপারটাতে আমরা টাচই করতে পারি নাই।'
 
সাবেক মন্ত্রী সুরঞ্জিত মনে করছেন, দুর্নীতি দমন কমিশনকে 'স্বাধীনভাবে' চলতে দিলে এ অবস্থার পরিবর্তন সম্ভব। তিনি বলেন, 'দুদক কারও বিরুদ্ধে কিছু বললে বলা হয়, একে ধরতে হলে তার অনুমতি নিতে হবে, তাকে ধরতে হলে ওর অনুমতি নিতে হবে- এমন হলে চলবে না। এমন আইন করতে হবে, যাতে দুদক স্বাধীনভাবে পরিচালিত হতে পারে। দুদককে নখদন্তহীন করে রাখলে চলবে না।'
 
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আওলাদ হোসেন। অন্যদের মধ্যে প্রয়াত এমএ আজিজের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার ওমর বিন আব্দুল আজিজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক নুরুল আমিন রুহুল, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী ও বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি বক্তব্য দেন। বিডি নিউজ।